দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন তারই আপন ছোট ভাই। বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের স্ক্রু-ড্রাইভারের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাখাল চন্দ্র (৩৮) ওই গ্রামের মৃত হরিশচন্দ্রের ছোট ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম শ্যামল চন্দ্র।
জানা যায়, শ্যামল চন্দ্র ও রাখাল চন্দ্রের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে ৬টার দিকে প্রথমে রাখালের স্ত্রীর সাথে ধস্তাধস্তি হয় শ্যামল ও তার স্ত্রীর। পরে সকাল সাড়ে ৮টায় তাদের কাকি (চাচি) শ্যামলের বাড়ির সামনে দিয়ে মাঠে ফসল দেখতে যাওয়ার সময় তার উপর শ্যামল (৫০), তার স্ত্রী পারুল (৪০), ছেলে এবং আশরাফুল বন্ধুসহ (৪০) আক্রমণ করে। ঘটনা দেখতে পেয়ে রাখাল এগিয়ে গেলে স্ক্রু-ড্রাইভার দিয়ে মাথায় ও বুকে আঘাত করেন তার বড় ভাই শ্যামল চন্দ্র। এতে রাখাল গুরুতর আহত হলে তাকে দৃত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিরামপুর সার্কেলের এএসপি অহিদুন্নবী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও ওসি (তদন্ত) তাওহেদুল ইসলাম তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই বাবুল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যল কলেজ ও হাসপাতাল দিনাজপুরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। আজই থানায় মামলা হবে বলে জানান এসআই বাবুল হোসেন।









