চারি দিকে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বিশ^ পর্যটন দিবস এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হলো নড়াইলে। করোনার ধাক্কা কাটিয়ে দীর্ঘ দিন পর নড়াইলের চিত্রা নদীসহ সর্বত্র দেখা দেয় প্রাণের উচ্ছ্বাস। নড়াইল ছাড়াও মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও খুলনার ১৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থা ও সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীদের একটি নৌকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতায় ১৬টি নৌকা অংশগ্রহণ করে। এ ছাড়া গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।