লাকসামে ট্রেনের ধাক্কায় আহত এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে নোয়াখালী-ঢাকা রেলপথের লাকসাম শহরের ধামৈচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকালে রেললাইন দিয়ে ওই ব্যক্তি স্থানীয় দৌলতগঞ্জ বাজারের দিকে আসার পথে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় নিয়ে আসে।

লাকসাম রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।