নওগাঁর পোরশায় জোড়ালাগা দু’কন্যা শিশুর জন্ম হয়েছিল ২ অক্টোবর। ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও বাঁচানো যায়নি ওই দুই নবজাতককে। রোববার বিকেলে জোড়ালাগা শিশু দু'টির মৃত্যু হয়।

উপজেলার সরাইগাছি মোড় ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়ালাগা ওই শিশু দু’জনের জন্ম হয়েছিল। জন্মের ৯ দিন পর তাদের মৃত্যু হয়।

তাদের প্রথম সন্তান এ কদিন অতিযত্ন ও মায়ায় তাদেরকে আগলে রেখেছিলেন এবং আদর করে নাম রেখেছিলেন হালিমা খাতুন ও ফাতেমা খাতুন। শিশুদের মৃত্যুতে মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।

শিশু দু'টির বাবা মো: জাহাঙ্গীর আলম বলেন, সন্তান হওয়ার পর তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে ডাক্তার বলেন, এক বছর পর অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। এরপর তাদের ফিরিয়ে এনে ইসলামী ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করে রাখি। সেখানে চিকিৎসারত অবস্থায় আমার সন্তানদের মৃত্যু হয়। তাদের লাশ হাসপাতাল থেকে এনে বাদ এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।