দুই দিন আগে মায়ের সাথে খালার বাসায় বেড়াতে গিয়েছিল ছোট্ট সিফাত। রোববার বিকেলে মায়ের সাথে শখ করে নদীতে নামে গোসল করতে। কিন্তু পানিতে ডুব দিয়ে তলিয়ে যায় চার বছরের শিশুটি। মায়ের কোলে আর ফেরা হলো না।
ঠাকুরগাঁও সদর উপজেলায় শুকানপুকুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত সিফাত ঢাকার বাসিন্দা নিরব আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু সিফাত পরিবারসহ দুই দিন আগে ঠাকুরগাঁওয়ের খালুর বাসায় বেড়াতে আসে। রোববার বিকেলে সিফাত তার মায়ের সাথে এলাকার অন্য নারী ও শিশুদের সাথে বাড়ির পাশের ভুল্লি নদীতে গোসল করতে নামে। নদীতে গোসল করা অবস্থায় সিফাত পানিতে ডুব দিয়ে আর না উঠায় তার মা চিৎকার দিতে থাকেন।
লোকজন এসে তার খোঁজ করতে থাকে। পরে সন্ধ্যায় নদী থেকে সিফাতের লাশ উদ্ধার করে এলাকাবাসী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
সূত্র : ইউএনবি









