বাসভ্রমণে যাত্রীদের ওয়াক্তমতো নামাজ আদায়ের সুবিধা নিশ্চিতের ঘোষণা দিয়েছে দেশের একটি পরিবহন কোম্পানি। শুধু তাই নয়, বাধ্যতামূলকভাবে বাসচালক, সুপারভাইজার ও হেলপারদেরও নামাজ পড়তে হবে। সম্প্রতি এমন আদেশ দিয়ে নোটিশ জারি করেছে কিং ফিশার ট্রাভেলস।
কিং ফিশার ট্রাভেলস সূত্র জানা গেছে, ঢাকা-খুলনা-পাইকগাছা ও সাতক্ষীরা জেলার শ্যামনগরে নিয়মিত চলাচল করছে কিং ফিশারের ১১টি বাস। অনেক যাত্রী রয়েছেন যারা দিনের পর দিন এ পরিবহনে যাতায়াত করেন। অনেক সময় পথে নামাজের সময় হলে তারা নামাজ আদায় করতে পারেন না। বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনা হয়।
এর পরিপ্রেক্ষিতে পথে যাত্রীদের নামাজ আদায়ের সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, বাসযাত্রীদের নামাজ আদায়ের সময় দিতে যাত্রাবিরতি বাধ্যতামূলক। এ সময় বাসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও নামাজ আদায় করতে হবে।
কিং ফিশার ট্রাভেলসের পাইকগাছা শাখার ম্যানেজার শাহজাহান কবীর বলেন, আমাদের সবাইকে সময়মতো নামাজ আদায় করতে হয়। বাস যখন রাস্তায় থাকে তখন নামাজের সময় হলে নিকটবর্তী কোনো মসজিদে নামাজের জন্য বিরতি দেয়া হয়। নামাজের বিরতির আগে যাত্রীদের তা জানিয়ে দেয়া হয়।
তিনি বলেন, নামাজ আদায়ের সুযোগ পেয়ে আমাদের যাত্রীরা অনেক খুশি।
কিং ফিশার ট্রাভেলসের জেনারেল ম্যানেজার শামীম খান বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে ছয় মাস আগে যশোর কার্যালয়ে একটি বৈঠক হয়। বৈঠকে এমডি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বৈঠকে বলা হয়, যাত্রীসহ গাড়ি ছাড়ার পর যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজের বিরতি বাধ্যতামূলক। যাত্রীসহ গাড়ির স্টাফ নামাজ আদায় করবেন।
তিনি বলেন, ওই বৈঠকের নির্দেশনা মৌখিক হলেও তা ছিল খুবই কড়াকড়ি। কিন্তু এখন সেই নির্দেশনা যাতে কোনোভাবে অমান্য না হয় সেজন্য লিখিত নোটিশ দেয়া হয়েছে। ৯ অক্টোবর থেকে এ আদেশ বাধ্যতামূলক করা হয়েছে।





