লাকসামে চোখের সামনে স্বামীর মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রীও। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়।

মৃত স্বামী-স্ত্রী হলেন, ওই গ্রামের মৃত অ্যাডভোকেট নোয়াব আলী মোক্তারের বড় ছেলে মো: শাহাজাহান (৬৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

প্রতিবেশী আ: ছাত্তার জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হলে তার নাকে-মুখে লালা বেরুতে থাকে। স্ত্রী কোহিনুর বেগম তা পরিষ্কার করেন। কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে পড়লে কোহিনুর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে তিনিও নিস্তেজ হয়ে পড়েন।

তাৎক্ষণিক তাদের উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানিয়েছেন, স্বামী-স্ত্রী উভয়ে পরস্পরকে গভীর ভালোবাসতেন।