বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সাইনবোর্ড-কচুয়া সড়কে কচুয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা ওই শিক্ষককে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল আরোহী মান্না শেখ (১৮) ও আকাশ (১৮) গুরুতর আহত হয়েছেন।
নিহত গোবিন্দ লাল দেবনাথ কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের দেবন্দ্র কুমার দেবনাথের ছেলে। প্রাইভেট টিউশনি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। গৃহশিক্ষক হিসেবে এলাকায় সুনাম ছিল তার। আহতদের বাড়ি কচুয়া উপজেলার হাজড়াপাড়া।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বাইসাইকেলে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গোবিন্দ লাল দেবনাথ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীরাও গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার এবং মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে।





