বাগেরহাটে কদবেল বিক্রির বকেয়া টাকা চাওয়া নিয়ে বাক-বিতণ্ডার পর প্রতিপক্ষ ফল ব্যবসায়ীর হামলায় রুস্তম ব্যাপারী (৫৫) নামের এক বৃদ্ধ কদবেল বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদ পর্যটন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, পাশের বারাকপুর বাজারের অপর ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কদবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চান রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও তার সহযোগী হামজার সাথে রুস্তম ব্যাপারীর বাক-বিতণ্ডা হয়। এ সময় ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রুস্তমের ওপর হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।