নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১-এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে। শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিসিপি-২-এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালী জেরারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র‌্যাব-১১-এর সিসিপি ২ ও ৩-এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উলেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নেয়াখালী জেলারেল হাসপাতালের ফটকে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে কত্যর্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মাহফুজুর রহমান খান। পরের দিন বুধবার তাকে প্রধান আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার দিবাগত রাতে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।