মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলাম মেম্বরসহ মোট পাঁচজনকে জেলে পাঠিয়েছে আদালত। সোমবার এ আদেশ দেয়া হয়। এ হত্যা মামলার ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাগুরার পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মাগুরা গোয়েন্দা বিভাগের একটি দল ঢাকার ডিএমপি এলাকার একটি আবাসিক হোটেল থেকে চাঞ্চালকর হত্যার প্রধান আসামি নজরুল ইসলাম (৪৫), জালিম শেখ (৪৬), তুহিন হোসাইন (২৫), মো: রিয়াজ হোসাইন (২৪) ও  ইয়ামিন হোসেনকে (৩০)  গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট্র আদালত মাগুরা-২ এর বিচারক হাসিবুল হাসান লাবুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশের রিমান্ড আবেদনের শুনানি পরবর্তী ধার্য তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত (১৫ অক্টোবর) আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে মেম্বর পদ নিয়ে মাগুরা সদরের জগদল গ্রামে দু’মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ আলী হাসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈয়দ আলী হাসান গ্রুপের আপন দু’ভাই সবুর মোল্ল্যা (৫৫), কবির মোল্ল্যা (৫০) আর তাদের চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) ও প্রতিপক্ষের ইমরান হোসেনসহ (৪০) চারজন নিহত হয়।

এ হত্যাকাণ্ডের তিন দিন পর (১৮ অক্টোবর) মাগুরা সদর থানায় নিহত সবুর মোল্ল্যার ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে নজরুল ইসলাম মেম্বরকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মামলা করেন।