বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি কলাবাগান থেকে নিখোঁজ মোবাইল মেকার মেহেদী হাসানের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২ দিন পর চর টেংরাখালী এলাকার একটি কলাবাগান থেকে রোববার সকালে এই লাশ উদ্ধার হয়।

মেহেদী হাসান কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মনির হোসেনের ছেলে। গত ৫ নভেম্বর রাতে দোকান থেকে অজ্ঞাতনামা লোকেরা মেহেদীকে ডেকে নেয়ার পর থেকে নিখোঁজ ছিল। বাড়ির লোকের মোহেদীর কোনো সন্ধান না পেয়ে ৬ নভেম্বর কচুয়া থানায় সাধারণ ডায়েরি করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান, কচুয়া উপজেলার টেংরাখারী গ্রামের নতুন হাটের মোবাইল মেকার মেহেদী হাসান গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন সন্ধ্যা রাতে অজ্ঞাতনামা লোকেরা মেহেদীকে দোকান থেকে ডেকে নেয়। এলাকাবাসী রোববার সকালে আশপাশের মাঠ ও ডোবায় খুঁজতে থাকে মেহেদীর লাশ। এরই একপর্যায়ে চর টেংরাখালী এলাকার একটি কলা বাগানে মেহেদীর লাশ কলার পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা হয়েছে বলে ওসি জানান।