বরিশাল-পটুয়াখালী সড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টের পরবর্তী চৌমাথায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০), মিরাজুল ইসলাম (৪৫) এবং চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫)।

নলছিটি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি সিএনজি বরিশালে আসছিল। অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস দপদপিয়ার জিরো পয়েন্টের চৌমাথা এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ও মাইক্রোবাসচালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত মাইক্রোবাসচালক জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকর। পরে সেখান থেকে মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও মিরাজুলকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে জাহাঙ্গীর ও মিরাজুলের মৃত্যু হয়।

নাসির নামে আরো একজন গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।