দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দীঘি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রী ফেনসিয়ারাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া নাহিদ নামে আরো একজনকে আটকের খবর পাওয়া গেছে। গত বুধবার তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে উজ্জ্বল হোসেন (২৫) এবং নিহত হাফিজুরের ছেলে আ: মতিন ওরফে মিঠু (৫০) ও পলাশবাড়ীর নাহিদ।
পুলিশ জানায় নিহত হাফিজুরের ছেলে মিঠু জমির দলিল চুরি করতে তার সহযোগীদের নিয়ে বাড়িতে ডাকাতির প্রাক্কালে গৃহকর্তাকে প্রথমে এবং তারপর গৃহকর্তীকে হত্যা করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। গত শুক্রবার পুলিশ হাফিজুর রহমান ও তার স্ত্রীর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত হাফিজুরের ছোট ছেলে মো: আবদুল মালেক বাদি হয়ে অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।