কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রামনগর তেঁতুলতলা কেন্দ্রে তিনি অসুস্থ হয়ে মারা যান।
জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান। ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন তার শরীরিক অসুস্থতার কথা জানান। এ সময় তার শ্বাসকষ্ট দেখা যায়। এর কিছু সময়ের মধ্যে তিনি ভোটকেন্দ্রের মারা যান। কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়। প্রিজাইডিং অফিসার নান্নুর বাড়ি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপড়া গ্রামে। বাদ জোহর তার নিজ এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।





