গাজীপুরে পৃথক দুটি দুর্ঘটনায় পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরিফ হোসেন (১৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি ওজায়ের আল মাহমুদ আদনান জানান, রোববার সকালে ময়মনসিংহগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার আরিফ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপের সামনের অংশ কেটে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে।

এদিকে জিএমপির পূবাইল থানার এসআই সুরুজ্জামান জানিয়েছেন, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলরুটের পূবাইল থানাধীন মীরের বাজার রেল ক্রসিংয়ের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৩৫) পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরনে সবুজ রঙয়ের হাফ হাতা গেঞ্জি ও লুঙ্গি রয়েছে।

উভয় ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।