পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে বেপরোয়া কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে রাহাত হোসেন (২০) নামে এক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি খুন এবং আরো চারজন গুরুতর জখম হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন বোবা বাড়ি নামক এলাকা এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে। নিহত রাহাত হোসেন গুলিশাখালী গ্রামের শাহ আলাম হাওলাদারের ছেলে এবং ডৌয়াতলা ওয়াজেদিয়া কলেজের একাদশ শ্রেণীর শেষ বর্ষের ছাত্র। তিনি গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রোববার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।