পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এক কলেজছাত্রীকে বিয়ে করেছে মাসুম চৌধুরী আপন (৩৭) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী মাসুম ও ঘটক সেলিনাকে আসামী করে রোববার মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

মাসুম সিরাজগঞ্জের কাজিপুর থানার পূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঘটক সেলিনা বেগম ওই কলেজ ছাত্রীর পাশ্ববর্তী তুষখালী ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তিনি সেনাবাহিনীর ভুয়া মেজর মাসুমকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে খালাতো ভাই পরিচয় দিয়ে অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দেয় এবং তার দুই বোন ডাক্তারি পেশায় নিয়োজিত বলে জানান। এতে ওই কলেজ ছাত্রীর পরিবারের লোকজন বিয়েতে রাজি হয়ে যায়। পরে চলতি মাসের ১ তারিখ ঢাকা যাত্রাবাড়ী অজ্ঞাতনামা এক কাজী অফিসে বসে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। ৬ নভেম্বর মাসুম ওই কলেজছাত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি মঠবাড়িয়া ফুলঝুাড়িতে বেড়াতে আসেন। এরপর তার প্রমোশনের কথা বলে শ্বশুর বাড়ির লোকজনের কাছে ৪ লাখ টাকা দাবি করেন। তখন তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে খবর দেয়। পুলশ ঘটনাস্থলে গিয়ে মেজর পরিচয় দানকারী মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সঠিক কোনো উত্তর দিতে না পারায় তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আ: হক জানান, মেজর পরিচয় দানকারী মাসুম ও ঘটক সেলিনাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।