গাজীপুরের কালিয়াকৈরে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মূলধারার প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠকে উপজেলা আওয়ামী লীগ এ বহিষ্কারের ঘোষণা দেয়। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালী, আটাবহ, চাপাইর, সূত্রাপুর, ঢালজোড়া, ফুলবাড়িয়া ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রের নির্দেশে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রত্যেক ইউনিয়নেই দলের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন।

এদের মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদের ৮ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার না করে প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক ৮ নেতাকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত প্রার্থীরা হলেন বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান ও সদস্য বাবু চাঁন মোহন রায়, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম ও সদস্য মুজিবুর রহমান ইয়াসিন, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আখতারুজ্জামান ও ইছাম উদ্দিন ও মধ্যপাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম।