গাজীপুরের কাশিমপুর কারাগারে ইয়াবা সরবরাহ করার সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মো: নয়ন রাজ (২২) নামের ওই যুবক গাজীপুর মহানগরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

কোনাবাড়ি থানার ওসি মো: আবু সিদ্দিক জানান, সোমবার বিকেলে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে যাওয়ার সময় নয়নের আচরণে সন্দেহ হয়। পরে কারারক্ষীরা কোনাবাড়ি থানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কারা ফটকের আরপি চেকপোস্টে নয়নের দেহ তল্লাশি করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাতে কোনাবাড়ি থানার এসআই মো: ইমতিয়াজ নয়নের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।