বাগেরহাটের কচুয়া উপজেলায় পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়িতে গিয়ে জোর করে চুড়ি পরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোশারেফ শেখ। তিনি ঘটনার সাথে জড়িতদের বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেন।
সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী ছিলেন সেলিনা বেগম। সেলিনা হেরে যাওয়ায় মোশারেফ হোসেন নামে এক সমর্থকের বাড়িতে গিয়ে ১নং ওয়ার্ডের কৃষকলীগের সাবেক সভাপতি মোশারেফের হাতে চুড়ি পরিয়ে দেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, উপজেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বালী শোকরানা রব্বানি আজাদ ওরফে আজাদ বালী ও তার সমর্থকরা তাকে হুমকি-ধমকি দিয়ে আসছে। সোমবার বিকেলে আজাদ বালী, ইকতিয়ার হোসেন, শহিদুল শেখসহ ১৫-২০ জন লোক তার বাড়িতে গিয়ে হাতে চুড়ি পরিয়ে দেয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বালী শোকরানা রব্বানি আজাদ বলেন, এই ধরনের ন্যক্কারজনক ঘটনা আমার নির্দেশে ঘটেনি। তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন।