মাগুরার ধনেশ্বরগাতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দিয়াপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিজয়ী মেম্বার জীবন বিশ্বাস ও তার সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী প্রমথ বিশ্বাসসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত প্রমথ বিশ্বাস বলেন, ভোট পুনঃগণনার আবেদন করায় জীবন ও তার সমর্থকরা অতর্কিত হামলা করে। এ সময় আমাদের পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও রামদা দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় অসিম বিশ্বাস, প্রমথ বিশ্বাস, পলি বিশ্বাস, বিচিত্র বিশ্বাস, রিতা রানী, তপু বিশ্বাস, বিজল বিশ্বাসকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রমথ বিশ্বাস ঘুড়ি প্রতীক নিয়ে ৯৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জীবন বিশ্বাস তার চেয়ে এক ভোট বেশি পেয়ে বিজয়ী হওয়ায় তিনি রিটার্নিং অফিসার বরাবর ভোট পুনঃগণনার আবেদন করেন। এ জন্যই জীবন ও তার সমর্থকরা মিলে হামলা চালিয়েছে।
এ ব্যাপারে বিজয়ী মেম্বার জীবন বিশ্বাসের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শালিখা থানার ওসি তারক বিশ্বাস জানান, আহতরা নির্বাচন-পরবর্তী সহিংসতা দাবি করলেও পারিবারিক কলহের কারণে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ উভয়পক্ষের ১০ জনকে আটক করেছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাগুরায় বিজয়ী মেম্বারের হামলায় আহত ১০
মাগুরার ধনেশ্বরগাতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দিয়াপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিজয়ী মেম্বার জীবন বিশ্বাস ও তার সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী প্রমথ বিশ্বাসসহ ১০ জন আহত...





