চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের লাশ দেখে বড় বোনেরও মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) গত ১৯ দিন আগে স্ট্রোক করেন। ওইদিনই মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যু হয় মান্নানের। এরপর ঢাকা থেকে বুধবার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে আব্দুল মান্নানের লাশ নিজ গ্রাম সোনাতনপুর গ্রামে আনা হয়। এসময় শেষবারের মতো ছোট ভাইয়ের লাশ দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন (৪৫)। ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সাথে সাথে স্ট্রোক করেন তিনি। একপর্যায়ে পরিবারের সদস্যরা পাশের একটি ক্লিনিকে বেনী খাতুনকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বেনী খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

জেহালা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, ‘বিভিন্ন রোগে আক্রান্ত আবদুল মান্নান মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার ভোরে লাশ পৌঁছালে মৃত ভাইকে দেখার সাথে সাথে বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপরই ক্লিনিকে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।