বাগেরহাটের কচুয়ায় জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ফেরদাউস শেখ (১৮) নামের এক যুবককে কলার সাথে সুই (সুচ) খাওয়ানোর অভিযোগ উঠেছে। খাদ্যনালীতে সুই নিয়ে ২২ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছেন ওই যুবক। এ অবস্থায় তার হতদরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ফেরদাউসের চাচাতো ভাই নিজাম শেখ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ফেরদাউস শেখ কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের জামাল শেখের ছেলে।
নিজাম শেখ জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৭ নভেম্বর সন্ধ্যায় তার ছোট চাচা জামাল শেখের ছেলে ফেরদাউস শেখকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে প্রতিবেশী এশারাত শেখ, বাদশা শেখ, মোস্তফা শেখ ও হাবিব শেখ। মারধরের একপর্যায়ে পাকা কলার ভেতরে সুই মুখে ঢুকিয়ে জোরপূর্বক ফেরদাউসকে খাওয়ানো হয়। পরে ফেরদাউসের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ফেরদাউসকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়।
অসুস্থ অবস্থায় ফেরদাউসকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। খুলনা মেডিক্যাল কলেজ, খালিশপুর ক্লিনিকসহ বিভিন্ন স্থানে ঘুরে টাকার অভাবে সুচিকিৎসা না পেয়ে ৮ ডিসেম্বর খুলনা শহরের সাউথজোন ক্লিনিকে ফেরদাউসের অপারেশন করা হয়। চিকিৎসকরা বলেছেন, তিন মাস পরে আরো একটি অপারেশন করা লাগবে।
অভিযুক্ত এশারাত শেখ জানান, ফেরদাউস শেখদের সাথে তাদের জমিসংক্রান্ত শত্রুতা রয়েছে। তবে সুই খাওয়ানোর ঘটনায় তারা জড়িত নয়।
কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ফেরদাউসের পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





