নোয়াখালীর চাটখিলের বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারের দুই কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় সীমাহীন জনদুর্ভোগ।

বাজারের দক্ষিণে শাহেদ কোম্পানির বাড়ি থেকে মুরাইন সাত বাড়ি পর্যন্ত সড়কের এই অবস্থা দেখা গেছে।

কাঁচা সড়কটি বর্তমানে কাঁদা-জলে একাকার হয়েছে। যানচলাচল অসম্ভব হয়েছে। রাস্তাটি মেরামতের জন্য দীর্ঘদিন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন নিবেদন করে কোনো লাভ হয়নি।

সরেজমিনে দেখা যায়, কাঁচা এই সড়কটি ইসলাম হোসানিয়া দাখিল মাদরাসা, সপ্তগাঁও স্কুল, হিরাপুর স্কুল, বানসা, বদলকোট বাজারের সংযোগ সড়ক। এই সড়কে হাজারো জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই এলাকার বাসিন্দা আবুল কালাম ও সালাউদ্দিনসহ অনেকেই জানান, গত কয়েক মাস আগে এলাকাবাসীর উদ্যোগে সড়কটি মেরামত করা হয় কিন্তু সড়কটি স্থায়ী মেরামত না করায় বেশি দিন টেকেনি। ফলে এলাকাবাসী সরকারি ব্যবস্থাপনায় সড়কটির স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন।

সড়কটির ব্যাপারে জানতে ৪নং বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান শেখের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইউনিয়ন পরিষদের অর্থে দুই কি.মি সড়ক মেরামত বা সংস্কার করা সম্ভব নয়। তবে সড়টি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।