নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গাউস মিনাকে (৪০) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো: মাহ্রুফ হোসাইন এ রায় দেন। এ মামলার অন্য আসামি গাউস মিনার মা সাহেদা বেগমকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চে গাউস মিনার সাথে একই গ্রামের সনিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে গাউস ও তার মা সাহেদা বেগম গৃহবধূ সনিয়ার ওপর নির্যাতন শুরু করে। মেহেদীর রঙ মুছে যাওয়ার আগেই ওই বছরের ১৭ এপ্রিল রাতে স্বামী গাউস মিনা তার স্ত্রী সনিয়াকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় গাউস ও তার মাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন সনিয়ার ভাই টুটুল বিশ^াস। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ আদেশ দেন।