কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও ডাকবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক বাদশা মিয়া (৩৫) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত বাদশার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনগরে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌ নামক স্থানে ঢাকা অভিমুখী যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৯৯৪) ও বিপরীতমুখী ডাকবাহী কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-ট-২২-৭৯৬০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন।