বিজয়ের সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পুর্তি উপলক্ষে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে এ কনসার্টের আয়োজন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরেরর চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চায়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তৃতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, মুজিব শতবর্ষ, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে এ আয়োজন এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত করবে।





