প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ১১টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জি এ সবুর।
আরো উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, খন্দকার হারুণ অর রশিদ, আসলাম পারভেজ, শেখ বেনজির আহম্মেদ লাল, হাবিুর রহমান মোল্লাসহ স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ।
সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব শেখ সাদেকুজ্জান তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৮২ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার (বর্তমান) কয়রা-পাইকগাছাসহ পার্শ্ববর্তী তালা, আশাশুনি ও দাকোপ থানার আংশিক এলাকা নিয়ে সুন্দরবন জেলার ঘোষণা দেন। কালের বিবর্তনে ৩৮ বছর পেরোলেও কার্যত সুন্দরবন জেলা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, খুলনা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৬৮.০১ কিলোমিটার। কয়রার দূরত্ব ১২০ কিমি। অথচ রাজস্ব আয়ের উৎস হিসেবে এ অঞ্চলে রয়েছে, সাদা সোনাখ্যাত হিমায়িত রফতানি পণ্য চিংড়ি ও ঐতিহ্যবাহী সুন্দরবন, যা বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি ও বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।
আর তাই সুন্দরবন জেলা এখন সময়ের যৌক্তিক দাবি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।





