আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচন ঘিরে পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় পুলিশসহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অন্তত ২১ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ বড় মাছুয়া বটতলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন হাওলাদারের সমর্থকরা প্রচার কার্য চালাতে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে নৌকা প্রতীকের চেযারম্যান প্রার্থী আয়শা আক্তার মুন্নির কয়েক সমর্থক তাদের উপর হামলা চালায় । এ হামলায় থানার এএসআই সোহেলসহ ২১ জন অহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরুল ইসলাম বাদল জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৩ পুলিশসহ ২১ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।





