নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ সোমবার প্রশাসনের পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওজোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ পৌর বিএনপি। প্রশাসনকেও লিখিতভাবে বিষয়টি জানায় তারা। কিন্তু এর মাঝেই একই দিনে একই স্থানে জেলা যুবলীগও কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল ৩টা থেকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বিএনপির দলীয় কার্যালয়ে সোমবার দুপুরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির জেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার জানান, ১৪৪ ধারা জারির সিদ্ধান্তের পর পূর্বনির্ধারিত কর্মসূচি অন্যত্র পালন করা হবে।

যদিও স্থান ও সময় এখনো ঘোষণা করেনি দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপির নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।