এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি। ঢাকা থেকে আসা তিন সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসিন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করছেন।

সিআইডির অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার।

এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫০ জনের স্বজনহারা তালিকা রয়েছে।

এদিকে ঘটনার চার দিন পর নমুনা সংগ্রহ করায় এবং একই সাথে বরগুনায় নমুনা সংগ্রহ করার কারণে তেমন একটা সাড়া মেলেনি এ কার্যক্রমে। সর্বশেষ দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সিআইডির পক্ষ থেকে জানানো হচ্ছে, নমুনা সংগ্রহের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টা পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে কালকেও করা হবে।