ফেনী শহরের ওয়াপদা মাঠে জেলা বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থলে জেলা যুবলীগ পাল্টা সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ উল হাসান।
ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিলো। অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এই ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, 'আমাদের সমাবেশ করার কথা ছিল ২৮ ডিসেম্বর। প্রয়াত আওয়ামীলীগ নেতা জয়নাল হাজারীর জানাজা হওয়ায় সেদিন স্থগিত করে পরের দিন সমাবেশ করার কথা জেলা প্রশাসক বলেছিলেন। কথা অনুযায়ী আবেদনও করি। এখন এখানে আরেকটি দলের কর্মসূচি ঘোষণা করা অন্যায়। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার পাঁয়তারা। এসব করে আামাদের আন্দোলন দমানো যাবে না ‘
আলাল বলেন, ’বাধা আসলে প্রতিহত করা হবে, বিএনপি যেকোনো মূল্যে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে।’
অপরদিকে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী বলেন, ‘আমরা উক্ত স্থানে সমাবেশ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি। আমরা যেকোনোভাবে সেখানে কর্মী সমাবেশ করবো।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে
ফেনীর ওয়াপদা মাঠে বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রচারনা চালিয়ে আসছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।









