ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের অষ্টম দিনেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি। আগুনে পোড়া লঞ্চটিকে টার্মিনাল থেকে সরিয়ে সুগন্ধা নদীর ডিসি পার্কের কাছে রাখা হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ডুবুরী দল জানায়, ভোর থেকেই সুগন্ধা, বিষখালি ও গাবখান নদীতে নিখোঁজদের সন্ধানে চলে অভিযান। কিন্তু কোনো লাশের সন্ধান মেলেনি। তবে আরো কয়েক দিন উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, লঞ্চ ঘাটে ঝালকাঠি-ঢাকা রুটের লঞ্চ ভেড়ানো, যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার জন্য পোড়া লঞ্চটি সরিয়ে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঝালকাঠি সদর থানায় দুই মামলায় পোড়া লঞ্চটিকে জব্দ দেখিয়েছে সদর থানা পুলিশ। মামলা ও তদন্ত কমিটির পরিদর্শনের কারণে পোড়া লঞ্চটিকে ঝালকাঠিতে রাখতে হচ্ছে বলে পুলিশ জানায়।
গত ২৩ ডিসেম্বর গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আগুনের কবল থেকে প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে।





