গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আন্তঃজেলা তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, নগদ ১৪ হাজার ১৬০ টাকা ও ৪টি মোবাইল জব্দ করা হয়েছে।

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১’র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন কুমিল্লা জেলার মো: কবির হোসেনের ছেলে মো: সাইফুল ইসলাম (২৩) ও মৃত মোখলেসুর রহমানের ছেলে মো: ফয়সাল (২২) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার মৃত আব্দুল হক মিয়ার ছেলে মো: স্বপন মিয়া (৩৫)।

র‌্যাব-১- এর ওই কর্মকর্তা জানান, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়ীয়া হতে গাঁজার একটি বড় চালান নিয়ে কয়েক মাদক কারবারি একটি পিকআপ যোগে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় যাচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১- এর সদস্যরা জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় কেআরসি সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি পিকআপসহ সাইফুল, ফয়সাল ও স্বপন মিয়াকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজাসহ ৪টি মোবাইল ফোন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, নগদ ১৪ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। আটকরা আন্তঃজেলা মাদক কারবারি। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে আমদানি করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।