পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান কাটায় বাধা দেয়ায় জয়নাল ফরাজী নামে সত্তোরোর্ধ্ব এক কৃষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জয়নাল ফরাজী পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত করিম ফরাজীর ছেলে।
বৃদ্ধ জয়নাল ফরাজীর ক্রয়কৃত বহু বছরের ভোগদখলীয় ৩৩ শতাংশ জমিতে এ বছরেও ধান রোপণ করে। শনিবার তার প্রতিবেশী নাসির ফকিরসহ ১৫ জনের একটি দল ওই জমির ধান জোর করে কেটে নিতে আসে। এ সময় জয়নাল ফরাজি বাধা দিতে গেলে নাসির ফকির ও তার দুই ছেলে জুয়েল, সৈয়বুরসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা এলাপাতাড়ি হাতুড়িপেটা করে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয় এবং পা ভেঙে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: রাকিবুল ইসলাম বলেন, জয়নাল ফরাজীর বাঁ পায়ের গোড়ালির দিকে চিকন হাড়টি ভেঙে গেছে। উন্নত চিকিৎসা দিলে হাড় জোড়া লাগতে পারে।
মঠবাড়িয়ায় থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





