নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিলনের নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে জিরতলী ইউনিয়নের কালিরহাট ও বারিচতাল এলাকায় ওই ভাংচুরের ঘটনা ঘটে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিলন অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম লাভলু চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে তার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম লাভলু বলেন, প্রতিপক্ষ প্রার্থীর দুটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়েছে সত্য। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আমরা ধারণা করছি, তারাই নির্বাচনী ক্যাম্প দুটি ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক প্রার্থী মৌখিকভাবে তার নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন। পরবর্তীতে এ ঘটনায় দুই প্রার্থী পাল্টাপাল্টি মৌখিকভাবে অভিযোগ তোলেন।