ঝালকাঠিতে তেলবাহী লরিচাপায় আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান পোনাবালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে। আনান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়া শেষে বাইসাকেলে করে সহপাঠী সানমুনকে নিয়ে সকাল ১১টার দিকে দুজনেই জেলেপাড়া সড়ক দিয়ে কুতুব নগর এলাকায় বাড়ি ফিরছিলেন আরমান। বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হন তার বন্ধু সানমুন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।





