সারাদেশে অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র দুই প্রার্থী। এর আগে বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জামায়াত সমর্থিত বিজয়ী দুই প্রার্থী হলেন, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের মাওলানা আবু বকর সিদ্দিক ও একই উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাজী মো. দাউদ আলী।

বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় মোট ১৬ ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে আশাশুনি উপজেলায় ১১টি, শ্যামনগর উপজেলায় তিনটি ও কলারোয়া উপজেলায় দুইটি ইউনিয়ন রয়েছে।

জামায়াত সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য ইউনিয়নগুলোতে জয়ী হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নয়জন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চারজন ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র একজন রয়েছেন।

বেসরকারি ফলাফল অনুসারে আশাশুনির ১১টি ইউনিয়নের মধ্যে শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আওয়ামী লীগ), কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ (আওয়ামী লীগ বিদ্রোহী), দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী (আওয়ামী লীগ), বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা (আওয়ামী লীগ বিদ্রোহী), আশাশুনি সদর এস এম হোসেনুজ্জামান (আওয়ামী লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আওয়ামী লীগ বিদ্রোহী), খাজরা এসএম শাহনেওয়াজ ডালিম (আওয়ামী লীগ), আনুলিয়া রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আওয়ামী লীগ)।

এছাড়া শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভুরুলিয়া ইউনিয়নে জাফরুল আলম বাবু (আওয়ামী লীগ), শ্যামনগর সদর অ্যাড. জহুরুল হায়দার বাবু (আওয়ামী লীগ) ও ইশ্বরীপুর ইউনিয়নে অ্যাড. জিএম শোকর আলী (আওয়ামী লীগ)।

এছাড়া কলারোয়া উপজেলায় দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আওয়ামী লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আওয়ামী লীগ বিদ্রোহী) জয়ী হয়েছে।

এই নিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮ টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।