ভারতের অভয়াশ্রম থেকে পালিয়ে আসা একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তবর্তী ইউনিয়নের মাধবপুর গ্রামের মানুষ।
শুক্রবার বিকেলে নীলগাইটিকে গ্রামবাসী ধাওয়া করে আটক করেন। পরে বিজিবির সদস্যরা সেটিকে
নিয়ে যান।
গ্রামবাসী জানান, ওই ইউনিয়নের সতহা শালবাগানের মাঝখানে পূর্ব-পশ্চিমের রাস্তার কাছ দিয়ে হেঁটে পূর্ব দিকে যাওয়ার সময় বিকেল কয়েকজন গ্রামবাসী নীলগাইটিকে দেখে চিৎকার শুরু করেন। এ সময় শালবাগানের আশপাশের কয়েকজন নীলগাইটিকে ধরার জন্য তাড়া করতে থাকেন।
একপর্যায়ে সেটি প্রায় দেড় মাইল দূরে মাধবপুর গ্রামের চৌরাস্তায় পৌঁছায়। সেখানে মানুষের ধাওয়া পেয়ে মাধবপুর চৌরাস্তার উত্তর-পশ্চিম দিকে ওই গ্রামের জব্বারের আমবাগানে ঢুকে পড়ে। গ্রামবাসীর ধাওয়া চলছিলই। বিকেল সাড়ে চারটার দিকে বাগানের উত্তর দিকে আমবাগানে গাছ ঘেরা দেয়া একটি নেটে নীলগাইটি আটকা পড়ে। এ সময় গ্রামবাসী আমবাগানে নীলগাইটিকে বেঁধে রাখেন।
পীরগঞ্জের চন্দরিয়া বিজিবি ক্যাম্পের জওয়ানরা বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইটিকে চন্দরিয়া ক্যাম্পে নিয়ে গেছেন।
বিজিবি দিনাজপুর সেক্টরের চান্দেরহাট কোম্পানি কমান্ডার সুবাদার মফিজুল হক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈরচুনা ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দীন বলেন, বাংলাদেশ-ভারতের কুলাইতোড়, সিদ্ধেশ্বরী সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভয়াশ্রম থেকে নীলগাইটি পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।





