নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমঘটিত কারণে হতাশা ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী।

মারুফা আক্তার (১৬) নামের ওই কিশোরী উপজেলার পশ্চিম মির্জানগর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মির্জানগর গ্রামের অজিবাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত মারুফা পরিবারের সাথে ঢাকায় থাকত। ঢাকায় তার সাথে ফয়সাল নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরে গত ৩০ ডিসেম্বর সে ওই ছেলের সাথে পালিয়ে যায়। পরে তার বাবা এ ঘটনায় ঢাকার বংশাল থানায় একটি মামলা করেন।

মামলার জের ধরে গত ৩ জানুয়ারি মারুফাকে পুলিশ উদ্ধার করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। এর মধ্যে গ্রামের বাড়িতে তার দূর সম্পর্কের এক দাদা মারা যায়। এ উপলক্ষে পরিবারের সদস্যরা তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসে। শুক্রবার রাতে তাদের ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার পর পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয় নিয়ে হতাশায় ও ক্ষোভে আত্মহত্যা করে সে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।