পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দন্ডপাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দেয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

আজগর আলী ৮নং দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দেশজুড়ে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন।

দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ বাদী হয়ে আজগর আলীসহ নয়জন ও অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে আসামীরা প্রবেশ করে সরকারী কাজে বাধা দেন। এমনকি ভোট গণনা চলা অবস্থায় কেন্দ্র থেকে নির্বাচনী ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করেন।

এই সময় কেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা আসামীদের বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও কিলঘুষি মেরে সবাইকে অবরুদ্ধ করেন। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে গিয়ে তাদের উদ্ধার করেন।

মামলার এজাহারে আরো বলা হয়, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আজগর আলী বিজয়ী হওয়ার পর থেকে মামলার বাদীসহ প্রশাসনিক কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন।

নির্বাচনে জয়ের পর ৬ জানুয়ারি অনুষ্ঠিত এক আনন্দ সভায় ইউএনও প্রত্যয় হাসানকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন তিনি।

এতে তিনি বলেন, ‘ইউএনও মহোদয় আপনি জেনে রাখুন, আপনি নিস্তার পাবেন না রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের রোষানোল থেকে। আপনার প্রশাসনের কুত্তারা নির্বাচনে যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে যে ষড়যন্ত্র করেছিলেন তা আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। আর বাদ বাকিটা জনগণই হাড়ে হাড়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে।’

বক্তব্যে তিনি ইউএনওকে খাগড়াছড়ি-বান্দরবানে বদলি করার হুমকি দেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।