কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের পাশে ঝাউ বাগানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৪ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের নোয়াখালীয়া পাড়া এলাকায় মেরিন ড্রাইভের পাশে সৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল এ অভিযান চালায়।

অপরদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইস ও ৬৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেফতার করেছে। তারা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ নম্বর ক্যাম্প এলাকার মৃত আবুল বাশার ছেলে একরাম উদ্দীন (২৩) ও কক্সবাজারের উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফারুকের স্ত্রী মোসা: হাসিনা (৩০)।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, ‘সোমবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় একটি ব্রিজে একদল মাদক চোরাকারবারি অবস্থান করছে এমন তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে টেকনাফ পৌরসভা ২ নম্বর ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকায় একটি বাড়িতে বালিশের ভেতরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গা নারী মোসা: হাসিনাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদক আইনের মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে টেকনাফস্থ বিজিবি ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আজ ভোররাতে মাদকের চালান পাচারের খবরে মেরিন ড্রাইভের পাশে সৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটের ভেতর থেকে ২ কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। উদ্ধার ভয়ংকর এ মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধার ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। যা পরে কতৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।