কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে এনজিও’র মিনি পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন সিএনজি অটোরিকশার ড্রাইভার ও যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।