বাগেরহাটের চিতলমারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘মোবাইল ফাইল পার্টির’ খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ওই পার্টির সদস্যরা তাকে কৌশলে বাসায় ডেকে নিয়ে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলেছে। এ সময় তারা শিক্ষককে লাঞ্ছিত করে ছয়টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে পাঁচ লাখ টাকা দাবি করে ছেড়ে দেয়। পরে ওই শিক্ষক ন্যায়বিচারের আশায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করে ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
পিরোজপুরের নাজিপুর উপজেলার কবিরাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ ঢালীর লিখিত অভিযোগপত্রে জানা গেছে, সম্প্রতি চিতলমারী উপজেলার রতœপুর এলাকার একটি পরিবারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তারা তাকে গত ১১ জানুয়ারি বাড়িতে ডেকে নেয়। ডেকে নিয়ে তারা তাকে জিম্মি করে ফেলে। এ সময় ‘মোবাইল পার্টির’ সদস্যরা তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও চাবির গোছা ছিনিয়ে নেয়। পরে তাকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তোলে এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে পাঁচ লাখ টাকা দাবি করে ছেড়ে দেয়।
প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ ঢালী জানান, এ ঘটনায় তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। তিনি তার মোবাইল ফোন ও চাবির গোছা ফেরত পাওয়ার আশায় পথ চেয়ে আছেন।





