নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলো কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম (৬০) ও চরজব্বর উপজেলার চরআমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ্র দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস (২৮)।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফেরদৈাস আক্তার (২৩), জেরিন (৩১) ও চবীরকে (৩৩) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার আলআমিন বাজারের সংযোগ সড়ক থেকে আকস্মিক সোনাপুর-চেয়ারম্যানঘাটের মূল সড়কের মাঝখানে একটি মোটরসাইকেল উঠে পড়ে। এ সময় চেয়ারম্যানঘাট থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা আলআমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মাঝখানে পড়ে যাওয়া মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।