চট্টগ্রামের ফটিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশু আক্তার (১৬) ও নিশা মনি (১৮) নামের দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১.৩০ মিনিটের দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী স্থানীয় হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূজপুর কাজিরহাটের দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি আটক করতে ট্রাফিক পুলিশ ধাওয়া দিলে আটক এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি চালায় চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপার হওয়া দুই স্কুলশিক্ষার্থীকে চাপা দেয় চাঁদের গাড়িটি।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
নিহত মিশু আকতার উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল বশর ও নিশা মনি একই ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের লোকমানের মেয়ে।
অপরদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা পেলাগাজী এলাকায় প্রায় এক ঘন্টা যাবৎ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।









