করিমগঞ্জে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে উর্মি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে করিমগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ-চামড়া সড়কের আইলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উর্মি আক্তার উপজেলার সুতারপাড়া গ্রামের মো: রতন মিয়ার মেয়ে। সে নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্কুলের সহপাঠীদের সঙ্গে করিমগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে যান স্কুলছাত্রী ঊর্মি। টিকা নেয়ার পর দুপুরের দিকে তারা একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। করিমগঞ্জ বাজার পেরিয়ে আয়লা নামক স্থানে আসামাত্রই বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়।
এ সময় অন্য সহপাঠীদের সঙ্গে গাদাগাদি করে বসা ঊর্মি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় তার মাথা-শরীর থেতলে রায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





