বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগসহ ৬ দফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।

শুক্রবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে পাঁচ উপজেলার শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিতীশ চন্দ্র বালা, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক লালন কুমার দাস, যুগ্ম আহবায়ক বিন্দুদাস পান্ডে, ববিতা বাইন বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন হলেও এনটিআরসিএর নিয়োগ বাণিজ্যে বিপুল অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। ফলে কৃত্রিম শিক্ষক সংকট তৈরি হচ্ছে। যার কারনে এসব শিক্ষকরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষকদের ৬ দফা দাবিগুলো হলো, সনদ যার চাকরি তার, প্যানেলভিত্তিক নিয়োগ, এক আবেদন চাকরি, ইনডেক্সধারী মুক্ত শুধু বেকার শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তির নামে বদলি বিজ্ঞপ্তি বন্ধ ও নিবন্ধনধারীদের চাকরি না দেয়া পর্যন্ত নতুন নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা।