নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব। উদ্ধার গাঁজার মূল্য দুই লাখ ২৭ হাজার টাকা।

শুক্রবার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, (সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।

শনিবার তাকে নোয়াখালীর বিচারীক আদালতে সোপর্দ করার কথা রয়েছে। গ্রেফতার মো: বদিউল আলম মিঠু (৪৫) বেগমগঞ্জ উপজেলার ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়ির মৃত আবু তাহের মিয়ার ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার গাঁজা কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সে পাইকারী মূল্যে ক্রয় করে বেগমগঞ্জ উপজেলায় অধিক মূল্যে বিক্রয় করে আসছেন দীর্ঘ দিন থেকে।

তিনি আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।